অসম প্রেমে কেরামত মাওলা ও কুসুম শিকদার
থিয়েটারের নিয়মিত দর্শকদের চেনামুখ কেরামত মাওলা। শক্তিমান এ অভিনেতার বয়স ষাটের কোটায় হলেও মনটা তার এখনও তরতাজা। বয়স ছাপিয়ে তাই তিনি টগবগে তরুণী কুসুম সিকদারের প্রেমে পড়েছেন। বাস্তবে নয়, নাটকের কাহিনীর প্রয়োজনেই তাদের এই অসম প্রেম।
আনিসুল হকের রচনা ও শামীম শাহেদের পরিচালনায় নির্মিত নাটক ‘আগামীকাল বিকাল চারটায় আপনি মারা যাবেন’। মজার গল্পের এই নাটকে কেরামত মাওলার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কুসুম শিকদার।
মঞ্চে নিয়মিত হলেও বর্ষীয়ান অভিনেতা কেরামত মাওলাকে আজকাল টিভি নাটকে খুঁজে পাওয়া যায় না। এ নাটকের মধ্য দিয়ে প্রায় তিন বছর পর তাকে দেখা যাবে টিভি পর্দায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোটপর্দায় অভিনয় থেকে দূরে আছি অনেকদিন। ফেরার পরিকল্পনা ছিল না। কিন্তু পরিচালক শামীম শাহেদের কাছে আনিসুল হকের লেখা নাটকটির গল্প শুনে বেশ ভালো লেগে যায়। তাই কাজ করতে রাজি হয়ে গেলাম। কুসুম সিকদার আমার চেয়ে বয়েসে বেশ ছোট। তবে অভিনেত্রী হিসেবে দুর্দান্ত। আমার সহশিল্পী হিসেবে তাকে পেয়ে কাজটা মন মতো হয়েছে।
‘আগামীকাল বিকাল চারটায় আপনি মারা যাবেন’ নামের ব্যতিক্রমী এই নাটকে অভিনয় প্রসঙ্গে কুসুম সিকদার বলেন, ‘কেরামত মাওলা আমার চেয়ে অনেক সিনিয়র। শক্তিশালী অভিনেতা হিসেবে তার সুনাম আছে। তার মতো সিরিয়াস অভিনেতার পাশে কাজ করাটা ছিল আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং। শুটিংয়ের সময়টা আমি বেশ উপভোগ করেছি। আশা করছি ভিন্নধর্মী গল্পের এ নাটকটি দর্শকদের জন্যও হবে উপভোগ্য।’
দীর্ঘ নামের এই একক নাটকে আরও অভিনয় করেছেন কল্যাণ, লাজুক, মোহসিন, আনোয়ারুল ইসলাম আনু প্রমুখ। আগামী ৩ আগস্ট শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে।
Share on Facebook































