আফগানিস্তানকে হারাল মুশফিকরা
চারজাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় খেলায় আফগানিস্তানকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে বিসিবি একাদশ।
রোববার ভোর সোয়া পাঁচটায় ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে শেষ ম্যাচে খেলবে মুশফিকুর রহিমের দল।
ত্রিনিদাদ ও টোবাগোর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘এশিয়া বনাম ক্যারিবিয়ান’ টি-টোয়েন্টি টুর্নামেন্টে রোববার জিতলেই বিসিবি একাদশ চ্যাম্পিয়ন।
পোর্ট অব স্পেনে শুক্রবারের খেলায় টস হেরে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৫ উইকেটে ৯৯ রান করে আফগানিস্তান। জবাবে ১৪ ওভার ২ বলে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বিসিবি একাদশ।
লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ইকবালের (৩৩ বলে ৩৬) সঙ্গে মোহাম্মদ আশরাফুলের ৭৬ রানের উদ্বোধনী জুটি বাংলাদেশকে সহজ জয়ের ভিত গড়ে দেয়।
তামিমের বিদায়ের পর জিয়াউর রহমান রানের খাতা খুলার আগেই তাকে অনুসরণ করেন। তৃতীয় উইকেটে আশরাফুল ও সাকিব আল হাসানের (৬*) ২২ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে সহজ জয় এনে দেয়। আশরাফুল অপরাজিত থাকেন ৪৭ রানে। তার ৪৪ বলের ইনিংসে চারটি চার ও একটি ছক্কা।
এর আগে সাকিব ও আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে মোহাম্মদ শাহজাদের ২৯ রানের পরও ৪৩ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান।
সেখান থেকে পঞ্চম উইকেটে শফিকুল্লাহ শাফাকের (১৪) সঙ্গে ২৭ ও ষষ্ঠ উইকেটে গুলবুদ্দিন নাইবের (১৩*) ২৯ রানের দুটি ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে আফগানিস্তানকে একশর কাছাকাছি নিয়ে যান মোহাম্মদ নবী (২৬*)।
১২ রানে ২ উইকেট নিয়ে বিসিবি একাদশের সেরা বোলার সাকিব।
Share on Facebook































