ঈদ উপলক্ষে পুঠিয়ায় মোটর শ্রমিকের নামে মহাসড়কে ব্যাপক চাঁদাবাজি
ঈদ উপলক্ষে পুঠিয়ায় মোটর শ্রমিক ইউনিয়নের নামে ঢাকা রাজশাহী মহাসড়কের পুঠিয়া মৎস্য খামারের সামনে চাঁদাবাজি করছে শ্রমিক লীগ। মাসাধিকাল যাবত সেখানে ট্রাক থামিয়ে চাঁদা নিচ্ছে তারা। চাঁদা নেওয়ার স্থান থেকে মাত্র ১০০ গজ দূরে পুঠিয়া ট্রাফিক সার্জেন্টের অফিস থাকলেও রহস্যজনক কারনে তারা নিরবতা পালন করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিক নামধারী মতাসীন দলের কিছু লোক প্রতিদিন সেখানে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ট্রাক থামিয়ে প্রতিটি ট্রাক থেকে ২০ টাকা করে চাঁদা তুলছে। এভাবে প্রতিদিন ৪/৫ হাজার টাকা চাঁদা তুলছে তারা। এটাকে ক্ষমতাসীন দলের কেউ কেউ আয়ের পথ বানিয়েছে বলেও অভিযোগ উঠেছে। সূত্রমতে চাঁদার টাকা প্রতিরাতেই ৩ ভাগ
করে বন্টন হয়ে যায়। একভাগ যায় শ্রমিক নামধারীদের পকেটে, আরেক ভাগ পায় এলাকার সরকার দলীয় এমপি বিরোধী আ’লীগের একটি অংশের কাছে ও অপর অংশ পায় স্থানীয় পুলিশ প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক এমপি পরে এক নেতা জানান ট্রাক থেকে চাঁদা তোলা টাকা দিয়ে সম্প্রতি তারা ইফতার মাহফিল করেছে। পুঠিয়া মোটর শ্রমিক ইউনিয়নের এক শ্রমিক জানান, শ্রমিকদের কল্যান ফান্ডের নামে পুঠিয়া মৎস্য খামারের কাছে প্রায় সারা বছরই ট্রাক থেকে চাঁদা তোলা হয় কিন্তু সে টাকা কোথায় যায় তা কোনো শ্রমিকই বলতে পারবে না।
এব্যাপারে পুঠিয়া মোটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী আব্দুর রহমান পটল চাঁদা তোলার কথা স্বীকার করে জানান শ্রমিকদের কল্যানেই সে টাকা ব্যয় করা হয়। পুঠিয়া ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান তার অফিসের অদূরেই শ্রমিক নামধারীরা ট্রাক থেকে চাঁদা উঠাচ্ছে এমন ঘটনা তার নজরে আসেনি। পুঠিয়া থানার ওসি মীর্জা আব্দুস সালাম জানান শ্রমিক নামধারীরা ট্রাক থামিয়ে চাঁদা তুলছে এটা আমরা শুনেছি। বিষয়টি আমি গুরুত্বের সাথে দেখছি।
রাজশাহী প্রতিনিধি
Share on Facebook






























