এইচআরডব্লিউর হস্তক্ষেপ সমীচীন হয়নি: সাহারা
‘এলিট বাহিনী’ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভেঙে দিয়ে একটি নতুন ‘বেসামরিক’ বাহিনী গড়ে তোলার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) সুপারিশ করা ঠিক হয়নি বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বৃহস্পতিবার বাংলাদেশ আমর্ড পুলিশের ১১ ইউনিটের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, “শুধু সরকার নয়, সারাদেশের জনগণ র্যাবের জঙ্গী দমনে ও সন্ত্রাস দমনে কার্যকলাপকে ধন্যবাদ ও বাহবা দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এ রকম হস্তক্ষেপ করা সমীচীন হয়নি।”
এইচআরডব্লিউর গত বুধবার প্রকাশিত প্রতিবেদনে বিডিআর বিদ্রোহে অভিযুক্তদের ‘গণ বিচার’ প্রক্রিয়ায় ‘গলদ’ রয়েছে দাবি করে তা এখনই স্থগিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ব্যাপক বিচার বহির্ভূত হত্যার অভিযোগ থাকা ‘এলিট বাহিনী’ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভেঙে দিয়ে একটি নতুন ‘বেসামরিক’ বাহিনী গড়ে তোলার সুপারিশ করে সংস্থাটি।
ওই দিনই এক সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ভিত্তিহীন এবং মনগড়া বলে দাবি করে র্যাব।
আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু বলেন, “দেশ যখন ঠিকমতো এগিয়ে যাচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার যখন সুষ্টুভাবে এগিয়ে যাচ্ছে, তখন কেন এ অপপ্রচার তা বুঝতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ, অতিরিক্ত মহাপরিদর্শক শেখ হিমায়েত হোসেন ও র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ জানান, শবে বরাতের রাতে বিভিন্ন নাশকতা ঠেকাতে আটটি ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে।
Share on Facebook































