জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা : জুয়েল সভাপতি ও হাবিব সাধারণ সম্পাদক
আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে সভাপতি ও হাবিবুর রশিদ হাবিবকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার গভীর রাত পর্যান্ত গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয় এবং পরে তার বাসভবনে দুই দফা বৈঠকে ২০১ সদস্যের এই নতুন কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার সকালে খালেদা জিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয নতুন কমিটি।
একইসঙ্গে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি জুয়েল আগের এক কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। আর হাবিব ছিলেন ঢাকা দক্ষিণের সর্বশেষ কমিটির সভাপতি।
নতুন কমিটিতে প্রথম সহ সভাপতি করা হয়েছে বজলুল করিম চৌধুরী আবেদকে। এছাড়া এস এম ওবায়দুল হক নাসির প্রথম যুগ্ম সম্পাদক ও রাজিব আহসান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
কমিটির বাকি সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৯৭৯ সালে গঠিত এই ছাত্রসংগঠনের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল ২০০৯ সালের ১ জুলাই। তাতে সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পান সুলতান সালাউদ্দিন টুকু ও আমিরুল ইসলাম খান আলীম। পরে ২০১০ সালের ১ জানুয়ারি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন খালেদা জিয়া।
এর এক বছরের মাথায় ওই কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন কমিটি হলো তারও দেড় বছর পর।
কাদের হাতে ছাত্রদলের দায়িত্ব দেওয়া হবে তা নির্ধারণে সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দীন চৌধুরী এ্যানী ও ছাত্রদলের বিদায়ী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু দীর্ঘ সময় বৈঠক করেন। এরপর আবার বৈঠক বসে খালেদা জিয়ার গুলশানের বাসায়। সেখানেই কেন্দ্রীয় ও চারটি শাখার নতুন কমিটি চূড়ান্ত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন সভাপতি হয়েছেন মজিদুল হাসান হিরু। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাসুদ খান পারভেজ।
এছাড়া সদীউল কবীর নিরবকে সিনিয়র সহ সভাপতি, শাহ নাসির উদ্দিন রুম্মনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মিনহাজুল ইসলাম মিনহাজকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে সভাপতি হিসাবে ফয়সাল আহমেদ সজল ও সাধারণ সম্পাদক হিসাবে ওমর ফারুক মুন্নার নাম ঘোষণা করা হয়েছে।
এই কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন রাজিব রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, ও সাংগঠনিক সম্পাদক এ বি এম মোহসিন বিশ্বাস।
ঢাকা মহানগর দক্ষিণ
ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি হয়েছেন ইসহাক সরকার। সাধারণ সম্পাদক হয়েছেন খন্দকার এনামুল হক।
এছাড়া সিনিয়র সাধারণ সস্পাদক হিসাবে মির্জা আসলাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ এ জহির উদ্দিন তুহিন ও সাংগঠনিক সম্পাদক হিসাবে কামরুজ্জামান টিপুর নাম ঘোষনা করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর
ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি পদে আবুল মনসুর খান দীপক ও সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির রওশন দায়িত্ব পেয়েছেন।
শরিফউদ্দিন জুয়েলকে সিনিয়র সহসভাপতি, কামাল হোসনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও এস এম মিজানুর রহমান রাজকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
Share on Facebook





























