দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে মামলা
মানহানির অভিযোগে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপিপন্থী এক আইনজীবী।
অ্যাডভোকেট মো. সুলতান মাহামুদ নামের ওই আইনজীবী মঙ্গলবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। তিনি জানান, মহানগর হাকিম মো. মনিরুজ্জামান তার আরজি শুনেছেন। এ বিষয়ে তিনি পরে আদেশ দেবেন।
আরজিতে বলা হয়, “সুরঞ্জিত সেনগুপ্ত গত ১৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বলেন, আইন এখন অর্থের বিনিময়ে পাওয়া যায়। টাকা থাকলে উকিল ও কোর্ট সব পাওয়া যায়। সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন আইনের সুফল থেকে বঞ্চিত।”
পরদিন বিভিন্ন দৈনিকে প্রকাশিত খবরে মন্ত্রীর ওই বক্তব্য আসে বলেও আরজিতে উল্লেখ করেছেন বাদী।
তিনি বলেন, “সুরঞ্জিত সেনগুপ্তের ওই বক্তব্যে পুরো আইনজীবী সমাজকে কালিমালিপ্ত করা হয়েছে। এ কারণেই আমি মামলা দায়ের করেছি।”
মানহানির এ মামলায় সাক্ষী করা হয়েছে চারজনকে। এরা হলেন দৈনিক যুগান্তর ও ইনকিলাবের বার্তা সম্পাদক এবং দুজন আইনজীবী।
Share on Facebook































