ম্যান ইউর জয়, ম্যান সিটির ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রবিন ফন পার্সির পেনাল্টি ১০ জনের লিভারপুলের বিপক্ষে ২-১ গোলের জয় এনে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। তবে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ১-১ গোলে ড্র করেছে আর্সেনালের সঙ্গে।
৩৯ মিনিটে জনজো শেলভির লাল কার্ড ১০ জনের দলে পরিণত করলেও ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের প্রথম গোল করেছে লিভারপুল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে অধিনায়ক স্টিভেন জেরার্ডের দুর্দান্ত ভলি এগিয়ে দেয় স্বাগতিকদের।
তবে ৫ মিনিট পরই রাফায়েল সমতায় ফেরান ম্যান ইউকে। আর ৮১ মিনিটে ফন পার্সির পেনাল্টি মূল্যবান তিনটি পয়েন্টও এনে দেয় অ্যালেক্স ফার্গুসনের দলকে।
৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে আছে ম্যান ইউ। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ১৩। মাত্র ২ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান ১৮তম। ইংলিশ প্রিমিয়ার লিগে এর চেয়ে খারাপ সূচনা আর হয়নি ঐতিহ্যবাহী দলটির।
অন্য ম্যাচে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৪০ মিনিটে জোলেয়ন লেসকটের গোল এগিয়ে দিয়েছিলো ম্যান সিটিকে। ৮২ মিনিটে আর্সেনালের মূল্যবান একটি পয়েন্ট নিশ্চিত করেন লরেন্ত কোসিয়েলনি। ৫ ম্যাচ থেকে দুদলেরই সংগ্রহ ৯ পয়েন্ট করে।
Share on Facebook































