যুবলীগ নেতাকে উদ্ধারের দাবীতে শৈলকুপায় বিক্ষোভ ও মানববন্ধন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আইয়ূব হোসেনকে জীবিত উদ্ধারের দাবীতে শৈলকুপা বাসি ঝিনাইদহ শহরে বিক্ষাভ মিছিল করেছে। ২৯ জুন শুক্রবার বেলা ৩টার দিকে কয়েক’শ মানুষ বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারক লিপি প্রদান করেন। এ সময় কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট সালাহ উদ্দীন জোয়ারদার, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন ঝন্টু, আতিয়ার রহমান মন্নু, মিলন হোসেন মৃধা ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মারক লিপিতে উল্লেখ করা হয় গত ৮ জুন রাত সাড়ে ৮ টার দিকে শৈলকুপার বিত্তিদেবী রাজনগর ঋষিঘাট নামক এলাকা থেকে কে বা কারা তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে ২০ দিন যাবৎ নিখোঁজ হয়ে আছেন বিত্তিদেবী রাজনগর মৃত ইসমাইল হোসেন মিয়ার ছেলে যুবলীগ নেতা আইয়ূব হোসেন। বিষয়টি নিয়ে দলীয় ভাবে ও পরিবারের পক্ষ থেকে র্যাব, পুলিশ ও সরকারী বিভিন্ন সংস্থার কাছে ধরণা দিয়েও কোন ফল হয়নি বলে জানান স্ত্রী ইউপি সদস্য মর্জিনা খাতুন। স্মরকলিপি গ্রহণের পর অতিরিক্ত জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, বিষয়টি সরকারকে অবগত করানো হবে এবং নিখোঁজ আইয়ূবকে উদ্ধারে পুলিশকে কার্যকর ভুমিকা পালনের জন্য বলা হবে।
কোরবান আলী ঝিনাইদহ
Share on Facebook































