লিবিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে গোয়েন্দা নিহত
রয়টার্স- গাড়িবোমা বিস্ফোরণে রোববার লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে এক গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর এক কর্মকর্তা।
দেশটির নিরাপত্তা মুখপাত্র এ খবর জানিয়েছে।
লিবিয়ার সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র আবদেল মোনাইম আল- হুর রয়টার্সকে বলেন, গাড়িতে বোমা পাতা ছিল। বেনগাজিতে যখন একটি ব্যস্ত বাজারে দু’জন গোয়েন্দা কর্মকর্তা গাড়িতে ওঠেন তখন দূর নিয়ন্ত্রণ যন্ত্রের সাহায্যে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
দুর্ঘটনা স্থলের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
রয়টার্সের সাংবাদিক জানিয়েছেন, তিনি বিধ্বস্ত গাড়িতে মানব শরীরের কিছু অংশ দেখতে পেয়েছেন।
গাদ্দাফি শাসনের অবসানে যেসব বিদ্রোহীরা অস্ত্র হাতে তুলে নিয়েছিল তাদের উল্লেখযোগ্য একটি অংশকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে বেগ পেতে হচ্ছে লিবিয়ার নতুন সরকারকে।
এই বেনগাজি থেকেই গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহের সূচনা হয়।
চলতি বছর বেনগাজিতে বেশ কয়েকবার বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এমন কি আন্তর্জাতিক প্রতিনিধি ও পশ্চিমা মিশনের কর্মীদের ওপরও হামলা চালানো হয়।
Share on Facebook




























