সরকারের নেওয়া উন্নয়ন পরিকল্পনা পাঁচ বছরে বাস্তবায়ন করা সম্ভব নয় : প্রধানমন্ত্রী
সরকারের নেওয়া উন্নয়ন পরিকল্পনা পাঁচ বছরে বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে জনগণ সচেতন হলে উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেয়া সম্ভব বলে মনে করেন তিনি। এজন্য জনগণকে সচেতন করতে তিনি অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, “সময় একটা ব্যাপার। আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে আসি। আমরা যে উন্নয়ন পরিকল্পনা নিয়েছি, তা পাঁচ বছরে বাস্তবায়ন সম্ভব নয়।”
অর্থনীতিবিদদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “আপনারা যদি জনগণকে সচেতন করতে পারেন। তাহলে আমরা আমাদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো।”
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে চারজনের হাতে অর্থনীতি সমিতির সম্মাননা পদক তুলে দেন তিনি।
অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আদতে কী আমরা ভোটে হেরেছি। নাকি ষড়যন্ত্রের কাছে হারতে হয়েছে। আমি জাতির পিতার সন্তান। নিজেদের প্রাকৃতিক সম্পদ অন্যের হাতে তুলে দেওয়ার মুচলেকা দিয়ে ক্ষমতায় আসা সম্ভব নয়।”
শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতে বলেন, “আমি অর্থনীতি শাস্ত্রের ছাত্র নই। অর্থ শাস্ত্রের চাহিদা-সরবরাহের জটিল জটিল সমীকরণ আর রেখাচিত্র আমি আপনাদের মতো বুঝি না। তবে একজন সাধারণ মানুষ হিসেবে সহজ-সরলভাবে যা বুঝি- তা হলো, দ্রব্য উৎপাদন হতে হবে, আর উৎপাদিত দ্রব্য বণ্টন আর পুনর্বণ্টনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে।”
ন্যায্য বণ্টন নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি করার ওপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, “আমি জানি বিষয়টি জটিল, তবে অসাধ্য নয়।”
জাতিসংঘে উত্থাপতি ‘জনগণের ক্ষমতায়ন উন্নয়ন ও শান্তির মডেল’ এর কথাও এ সময় উল্লেখ করেন শেখ হাসিনা।
তিনি বলেন, “আমি আশা করব, এ উন্নয়ন ভাবনার আরো বিকাশে আপনারা আপনাদের মেধা ও মনন দিয়ে সহযোগিতা করবেন।”
শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া উন্নয়ন হতে পারে না- এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাস থাকলে উন্নয়ন হয় না। এজন্য সব ধরনের সন্ত্রাস ও জঙ্গীবাদ দূর করতে হবে।”
স্বর্ণপদক সম্মাননা ২০১২
বাংলাদেশ অর্থনীতি সমিতির স্বর্ণপদক সম্মাননা ২০১২ পদক পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ আখলাকুর রহমান (মরণোত্তর), অধ্যাপক মোজাফফর আহমদ (মরণোত্তর), কাজী খলীকুজ্জামান আহমদ ও মইনুল ইসলাম।
অধ্যাপক মোহাম্মদ আখলাকুর রহমানের পক্ষে তার স্ত্রী রওশন আরা রহমান ও কন্যা আহমিনা রহমান এবং মোজাফফর আহমদের পক্ষে তার স্ত্রী রওশন জামান পদক নেন।
কাজী খলীকুজ্জামান আহমদ দেশের বাইরে থাকায় তার স্ত্রী জাহেদা আহমেদ পদক নেন।
সমিতির সভাপতি আবুল বারকাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক হান্নানা বেগম। সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমদ চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন।
Share on Facebook





























